মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা সফরে আসা বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামানকে বর্ণাঢ্য আয়োজনে অভ্যর্থনা জানানো হয়েছে। আজ সকালে তিনি ঝিনাইদহ সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সার্কিট হাউসে পৌঁছানোর পর স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে মন্ত্রীকে বরণ করে নেন।
মন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় জেলা পুলিশের একটি চৌকস দল সালাম প্রদর্শন করে।
স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অভ্যর্থনা শেষে মন্ত্রী উপস্থিত সুধীজন ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও বিচার বিভাগীয় কার্যক্রমের খোঁজখবর নেন।
সফরকালে মন্ত্রীর সাথে বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্কিট হাউসে বিরতি শেষে মন্ত্রী জেলার নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে রওনা হন। আইনমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।