চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : (আহমদ রেজা)
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন দলের নেতাকর্মীরা। ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তরুণ নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
এলাকাবাসীর মধ্যে ধানের শীষ প্রতীকের প্রতি ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। এতে উৎসাহিত হয়ে আরও উদ্যমে মাঠে নেমেছেন তরুণ নেতাকর্মীরা। তারা জানান, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতেই তাদের এই নিরলস প্রচেষ্টা।
সাবেক সংসদ সদস্য জনাব সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে কর্ণফুলী উপজেলার উত্তর বন্দর ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় বিএনপি অফিসে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সদস্য মো. জসিমউদ্দীন, বিশিষ্ট সমাজসেবক ও সফল ব্যবসায়ী মো. মোখাদ্দেস খান সুজন, বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি মো. সিদ্দিক আহমেদ চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য তরুণ নেতাকর্মী।
নেতারা আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে।