সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনা জেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সাফায়াত আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু। সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান-এর সঞ্চালনায় সভায় শিক্ষক ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং সমবায়ের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: সাইফুদ্দিন আহম্মেদ সবুজ, কালব ডিরেক্টর (বৃহত্তর ময়মনসিংহ ‘ছ’ অঞ্চল)। মো: আশরাফুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী সমিতি। সুমন চন্দ্র পাল, জেলা সমবায় অফিসার, আনোয়ার হোসেন, সদর উপজেলা সমবায় অফিসার।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এ.বি. চৌধুরী নাদিম এবং কবি ও সাংবাদিক সৈয়দ সময়। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নুরুজ্জামান নূরু বলেন, সমবায় ভিত্তিক এই প্রতিষ্ঠানটি শিক্ষক ও কর্মচারীদের দুর্দিনে পাশে থেকে অনন্য ভূমিকা পালন করছে। আগামী দিনে এর কার্যক্রম আরও বেগবান করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা ক্রেডিট ইউনিয়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সদস্যদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব ও বার্ষিক প্রতিবেদন পেশ করা হয় এবং উপস্থিত সদস্যবৃন্দের সম্মতিক্রমে তা অনুমোদিত হয়। সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন।