মহেশপুর ঝিনাইদাহ সংবাদদাতা:
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মচারীরা একের পর এক ঘুস বানিজ্যের অভিযোগ করছেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। চাকুরী পুনর্বহালে এক লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা করে ঘুস, বকেয়া বেতন পাইয়ে দিতে ১৫ হাজার টাকা করে ঘুস ও লাখ টাকা ঘুস দিয়ে চাকুরী বহাল না হওয়াসহ নানান অভিযোগ ওইসব কর্মচারীদের। এসব দুর্নীতি নিয়ে গত ২২ আগস্ট “আউটসোসিং কর্মচারীদের কাছে ঠিকাদারের ঘুস দাবি’’ শিরোনামে একটি স্বচ্ছ প্রতিবেদক প্রকাশ হয় বিভিন্ন পত্রিকায়, ওই সময় শাকিল নামের এক কর্মচারী এ বিষয়ে জেলা স্বাস্থ্য কমকর্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপজলা স্বাস্থ্য কর্মকর্তা হেলানা আক্তার নিপার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন। তবে এত কিছুর পরেও থামেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের ঘুস বানিজ্য।
অফিস সহকারী লুৎফর রহমানের বিরুদ্ধে এক লাখ ২০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ করেছেন সদ্য চাকুরী থেকে ছাটাই হওয়া শিমু খাতুন নামের এক টিকিট ক্লার্ক। দীর্ঘ সাত বছর একই পদে থাকা শিমু খাতুনকে কোন নোটিশ ছাড়াই মেয়াদ শেষের আগে চাকুরী থেকে বাদ দেওয়া হয়েছে। তার স্থানে নিয়োগ দেওয়া হয়েছে অভিযুক্ত ওই অফিস সহকারী লুৎফর রহমানের আপন ভাইজি পান্না খাতুনকে। পাপ্না খাতুন এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া পদে কাজ করতেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র জানিয়েছেন, আউটসোর্সিং-এর ১০ কর্মচারীর মধ্য ৫ জন ঘুস দিয়ে নিয়োগ পত্র নিয়েছেন। শিমু খাতুনসহ ৫ জন এখনো নিয়োগ পত্র পাননি।
শিমু খাতুন বলেন, দীর্ঘ সাত বছর এ হাসপাতালে টিকিট ক্লার্ক পদে কাজ করেছি। বকেয়া বেতন পাওয়ার পর ম্যাডাম আমাদের কাছ থেকে ১৫ হাজার করে টাকা নিয়েছেন। চাকুরী পুনর্বহালের জন্য অফিস সহকারী লুৎফর রহমানের কাছে ১ লাখ ২০ হাজার টাকা দিয়েছিলাম। তাদের সাখে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে গত অক্টোবর নামের ১২ তারিখ থেকে অফিস সহকারী লুৎফর রহমান আমাকে কাজ করতে দিচ্ছেন না। আমার জায়গায় তার আপন ভাইজিকে দিয়ে কাজ করাচ্ছেন। চুক্তি অনুযায়ী এখনও আমার কাজের মেয়াদ দুই মাস বাকি রয়েছে। কাজ ছাটায়ের ব্যাপারে আমাকে কোন লিখিত নোটিশ দেয়নি। শনিবার সকালেও কাজ করতে গেছি কিন্তু লুৎফর সাহেব আমাকে চেয়ারে বসতে দেননি।
তিনি আরো বলেন, এ ব্যাপারে ম্যাডাম হেলেনা আক্তার নিপার কাছে গেলে অল্প কিছু টাকা দিয়ে খালি থাকা পান্না খাতুনের আয়ার পদে কাজ করতে বলেছেন। আমি এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছি।
আউটসোর্সিং-এর আরেক কর্মচারী বলেন, আমরা এগার মাসের বকেয়া বেতন পেয়েছি। হেলেনা আক্তার নিপা ম্যাডাম বেতন পাইয়ে দেওয়ার জন্য ওই সময়ে জেলা স্বাস্থ্য কর্মকর্তার নাম করে ৯ জনের কাছ থেকে ১৫ হাজার করে টাকা নিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে অফিস সহকারী লুৎফর রহমান বলেন, আমি তার কাছ থেকে কোন টাকা নেইনি। আমার ভাইজিকে ঠিকাদার নিয়োগ দিয়েছেন। শিমু খাতুন বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।
এব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা বলেন, এ হাসপাতালে কোন ঘুস লেনদেন হয় না। শিমু খাতুনকে কাজ থেকে বাদ দেওয়া হয়নি। যে কয়জন নিয়োগ পত্র এনেছেন তাদেরকে পদ অনুযায়ী কাজ দেওয়া হয়েছে। তাহলে শিমু খাতুনকে অল্প কিছু টাকা দিয়ে আয়া পদে কাজ করতে বলেছেন কেন ? এ প্রশ্নে প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি বলেন, আমি টাকার কথা বলিনি তবে শিমু খাতুনকে অন্য পদে কাজ করার কথা বলেছি। ঠিকাদারকে অনেক চেষ্টা করে মোবাইলে পাওয়া যায়নি।