সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জে কাজীয়াটি জামে মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের সময় মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি বিভিন্ন সামাজিক ও অপরাধবিষয়ক বিষয়ে কথা বলেন।
মতবিনিময়কালে ওসি হাফিজুল ইসলাম হারুন সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে সন্তানদের দূরে রাখতে পরিবারের পাশাপাশি সমাজের সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
তিনি জমিজমা সংক্রান্ত বিরোধে জড়িয়ে না পড়া এবং কোনো ঘটনা বা বিরোধের ক্ষেত্রে নিজেরা আইন হাতে তুলে নিয়ে ‘মব জাস্টিস’ না করার আহ্বান জানান। অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া আত্মহত্যার কুফল, ওরশ ও মাজার শরিফকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটানো এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণার শিকার না হওয়ার বিষয়ে মুসল্লিদের সতর্ক করেন ওসি। মতবিনিময় শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। এ সময় কাজীয়াটি জামে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আনুমানিক ৩০০ থেকে ৪০০ জন মুসল্লি উপস্থিত ছিলেন।
০২//১০/২০২৬ ইং