নিজস্ব প্রতিবেদক :
রংপুরে নিজ বাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর স্ত্রীসহ দুই সন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। বাকবিশিস এর পক্ষ থেকে এই পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
বাকবিশিস-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর এক যৌথ বিবৃতিতে বলেন, একজন শিক্ষক সমাজের আলোকবর্তিকা। অবসরপ্রাপ্ত একজন শিক্ষক ও তাঁর পুরো পরিবার নিজ বাসভবনে এমন নিরাপত্তাহীনতার শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারাবেন—এটি অত্যন্ত বেদনাদায়ক, লজ্জাজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় এই মর্মান্তিক ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র ফুটিয়ে তুলেছে, যা শিক্ষক সমাজকে গভীরভাবে আতঙ্কিত ও সংক্ষুব্ধ করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই হত্যাকাণ্ডের নেপথ্যের মূল রহস্য উদ্ঘাটন, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিতকরণ এবং শিক্ষক ও তাদের পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।