ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৫নং শাহেদল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন ইউপি সদস্য মোঃ আব্দুর রউফ। স্থানীয়দের দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এলাকার মানুষের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে রাস্তা, ড্রেনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা উন্নয়ন, রাস্তা সংস্কার ও নির্মাণ, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এতে দীর্ঘদিনের কিছু ভোগান্তি কমেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর ভাষ্য, বিগত সময়ে যারা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের তুলনায় বর্তমান সদস্য মোঃ আব্দুর রউফ জনগণের সঙ্গে যোগাযোগ রেখে তুলনামূলকভাবে বেশি উন্নয়নমূলক কাজ করছেন। বিশেষ করে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা ও এলাকার অবকাঠামোগত প্রয়োজনকে গুরুত্ব দেওয়ায় তার প্রতি স্থানীয়দের আস্থা তৈরি হয়েছে বলেও জানান তারা।
স্থানীয়দের আরও দাবি, সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা ভাতা, শিশু ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মেম্বার আব্দুর রউফ সহযোগিতা করে আসছেন। বরাদ্দের সুবিধা সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছানোর বিষয়েও স্থানীয়দের কয়েকজন ইতিবাচক মতামত দিয়েছেন।
৬নং ওয়ার্ডের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, তারা আগামী দিনেও এমন জনপ্রতিনিধি চান, যিনি সাধারণ মানুষের পাশে থাকবেন এবং এলাকার অসমাপ্ত উন্নয়নকাজগুলো এগিয়ে নেবেন। অনেকেই বর্তমান ইউপি সদস্য আব্দুর রউফকে পুনরায় দায়িত্বে দেখতে চান বলে মত প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দা [নাম প্রকাশে অনিচ্ছুক] বলেন, “বর্তমান মেম্বার এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। রাস্তাঘাটসহ এলাকার উন্নয়নকাজে তাকে আমরা সক্রিয় দেখেছি। তাই ভবিষ্যতেও এমন জনপ্রতিনিধি চাই।”
আরেক বাসিন্দা বলেন, “আগের তুলনায় বর্তমানে ওয়ার্ডে বেশ কিছু উন্নয়নকাজ হয়েছে। এলাকার মানুষের কথা চিন্তা করে কাজ করেন এমন একজন মেম্বারকে আমরা আবারও চাই।”
এ বিষয়ে ৫নং শাহেদল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর রউফ বলেন, “আমি আমার দায়িত্ব থেকে সর্বদাই জনগণের কথা চিন্তা করে এলাকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। এলাকার যেসব উন্নয়নকাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্পন্ন করার জন্য আমি কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “এলাকার জনগণ যদি আমাকে পুনরায় মেম্বার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে অসম্পূর্ণ কাজগুলো শেষ করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে সর্বাত্মকভাবে কাজ করে যেতে চাই।”
স্থানীয়দের মতে, জনপ্রতিনিধির মূল দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখা। সেই বিবেচনায় ৬নং ওয়ার্ডে চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকলে আগামী দিনে ওয়ার্ডটির যোগাযোগ ও নাগরিক সুবিধা আরও উন্নত হবে বলে প্রত্যাশা তাদের।