মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামের টেংরাখালির মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জসিম উদ্দিন ওই গ্রামের মোক্তার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতে টেংরাখালির মাঠের একটি ভুট্টাক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।