মোঃ সোলাইমান
চট্টগ্রাম স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত একক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনিরের উদ্যোগে হাটহাজারীতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের চিরতরে নির্মূল করা হবে। দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই।”
তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির এবং মোহাম্মদ পারভেজ, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
জনসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ শোয়াইব চৌধুরী, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাটহাজারী উপজেলা।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক ঐক্য, শান্তিপূর্ণ আন্দোলন এবং গণমানুষের সম্পৃক্ততার বিকল্প নেই।
১১ দলীয় ঐক্যজোট, হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।##