মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
আইনের হাত থেকে রেহাই পেলেন না দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১০ বছরের সাজাপ্রাপ্ত এক অপরাধী। ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশ ও র্যাব-১০-এর একটি যৌথ চৌকস দল রাজধানী ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত সোহরাব হোসেন হরিণাকুন্ডু উপজেলার ১ নম্বর ভায়না ইউনিয়নের ভায়না পশ্চিমপাড়া এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র সংক্রান্ত একটি গুরুতর মামলায় আদালত সোহরাবকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই গ্রেপ্তার এড়াতে তিনি সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করেছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে আসামির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হওয়ার পর হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকারের দিকনির্দেশনায় এসআই আব্দুল আলীমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য কেরানীগঞ্জ এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে জালে তোলেন।
অভিযানের বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি জুলফিকার দৃঢ় কণ্ঠে বলেন, “অপরাধ করে পার পাওয়ার দিন শেষ। কৌশল বদলে বা স্থান পরিবর্তন করেও পার পাওয়া যাবে না। হরিণাকুন্ডুকে অপরাধমুক্ত করতে আমাদের অবস্থান জিরো টলারেন্স—আইনের হাত থেকে কোনো অপরাধীই রেহাই পাবে না।”
গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।