হাফিজুর রহমান
প্রতিনিধি( মধুপুর) টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত জালেমন (৬৫) স্থানীয় শোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর মা। পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা তার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।
গত শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন জালেমন। শুক্রবার রাতে প্রতিবেশীরা তার ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের দাবি, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করেছিল। জালেমন তাদের চিনে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এরপর তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন এবং ঘরে থাকা মাটির ব্যাংকে সংরক্ষিত নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।