মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক, ট্র্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিনের বিরোধের মীমাংসা হয়েছে। উভয় পক্ষের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের উদ্যোগে আলোচনার পর চাঁদা উত্তোলন ও ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছে দুই শ্রমিক সংগঠন।গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সদর মডেল থানায় এ নিয়ে দুই পক্ষের নেতৃবৃন্দকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, পিপিএম-এর নেতৃত্বে দুই শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, লোকাল বাস থেকে উত্তোলন করা ৩০ টাকা চাঁদা দুই শ্রমিক সংগঠন ১৫ টাকা করে ভাগ করে নেবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাসের চাঁদা ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ৪০ টাকা দুই সংগঠন ২০ টাকা করে ভাগ করে নেবে। সমঝোতা অনুযায়ী, এখন থেকে উভয় সংগঠনই চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা বাসস্ট্যান্ড থেকে চাঁদার টাকা উত্তোলন করবে। হরিপুর থেকে কোনো সংগঠন আর চাঁদা উত্তোলন করবে না। বৈঠক শেষে দীর্ঘদিনের বিরোধ ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দুই সংগঠনের নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন।শ্রমিক সংগঠন দুটির দীর্ঘদিনের বিরোধ মীমাংসায় অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, পিপিএম (ক্রাইম অ্যান্ড অপস)-এর ভূমিকা গুরুত্বপূর্ণ ও দূরদর্শী ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাঁর উদ্যোগেই দুই পক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে।