সৌরভ হাওলাদার বাকেরগঞ্জ প্রতিনিধি :
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই প্রতিপাদ্য নিয়ে বিডি ক্লিন বরিশালের বাকেরগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছে। পৌরবাসীর কাছে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দিতে বিডি ক্লিনের সহযোগিতায় এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি এমপি আবুল হোসেন খান শপথ বাক্য পাঠ করান এবং বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে বিডি ক্লিনের পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের শুভ উদ্বোধন করেন।
সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, আমাদের মূল লক্ষ্য বাকেরগঞ্জবাসীর কাছে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দেওয়া এবং আমাদের এই পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে সবার কাছে একটি মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা এই পরিষ্কার করছি। আবার পৌরবাসীর দায়িত্ব রয়েছে এটিকে ধরে রাখার। কোনোভাবেই রাস্তা-ঘাটে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন না ফেলা। আমরা আশা করি আমাদের এই কার্যক্রম দেখে স্থানীয় যে সমস্ত সামাজিক-সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে উৎসাহিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রুজ্যোতি বড়াল, পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সিনিয়র যুগ্ন-আহবায়ক কামরুল হুদা সুমন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান রোমানসহ বিডি ক্লিনের সমন্বয়ক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে আজকের যে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে এর ধারাবাহিকতা ধরে রাখতে বাকেরগঞ্জে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা রয়েছে। উপজেলা ও পৌর প্রশাসনের সব সদস্যদের ধন্যবাদ জানাই বিডি ক্লিনের সহযোগীতায় আজকের এই পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করার জন্য।
বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, বাকেরগঞ্জ পৌর শহর পরিচ্ছন্ন অভিযানের জন্য আমরা বরিশাল থেকে এসেছি বাকেরগঞ্জের টিমের সমন্বয়ে কাজ করার জন্য। বাকেরগঞ্জ পৌর প্রশাসনের আয়োজনে বিডি ক্লিনের এই পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান।