আবুল হাসনাত তুহিন, ফেনী:
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি ভারতীয় গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ৪২ কেজি ভারতীয় গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।জব্দ করা মাদক ও অন্যান্য মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।