মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করায় জনাব মোঃ ফিরোজ আহম্মেদ-কে সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ।
রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই বরণ পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষকগণ উপস্থিত থেকে নতুন শিক্ষা অফিসারকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সহকারী শিক্ষকবৃন্দের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন এবং শিক্ষা ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়। সবাই নবযোগদানকারী শিক্ষা অফিসার মহোদয়কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ ফিরোজ আহম্মেদ শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষকরা হলেন সেই মেরুদণ্ডের কারিগর। হরিণাকুণ্ডু উপজেলার শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন এবং গুণগত শিক্ষার মান বৃদ্ধিতে আমি বদ্ধপরিকর।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “সবার সম্মিলিত সহযোগিতা, সততা ও দায়িত্ববোধের মাধ্যমেই আমরা এ উপজেলার শিক্ষা ব্যবস্থাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব।”
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষা অফিসারের মধ্যে শিক্ষার বিভিন্ন দিক নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।