সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় দখল ও দূষণের কারণে এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী এখন নালায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের অবহেলায় ও অসচেতনতায় এ নদী যেন এক ময়লার ভাগার। ময়লা-আবর্জনার স্তুপ জমে মগড়ার এখন মরণদশা। পাশাপাশি নাব্যতা সংকট ও দূষণের কারণে জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। মাছের প্রজননের ক্ষেত্রে সংকট তৈরি করেছে এ দূষণ ও নাব্যতা। অসংখ্য নদী, খাল-বিল হাওর বেষ্টিত নেত্রকোণার অন্যতম একটি নদীর নাম মগড়া। পুরো শহরকে সর্পিল আকারে ঘিরে থাকা এ নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল আজকের জেলা শহর নেত্রকোণা। এক সময় উত্তাল মগড়া নদীর ওপর দিয়ে চলাচল করত অসংখ্য পালতোলা নৌকা ও লঞ্চ। জেলার ভাটি অঞ্চলের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য চলত এ নদীপথেই। কালের আবর্তে ও খননের অভাবে নদীটি এখন নাব্যতা সংকটের চূড়ান্ত পর্যায়ে। বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মগড়া নদীটির দৈর্ঘ্য ১১২ কিলোমিটার। এর মধ্যে নেত্রকোণা শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় ৫ কিলোমিটার। মূলত শহরের অংশেই যে যেভাবে পারছে প্রতিদিন গৃহস্থলীর ময়লা ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলছে নদীতে। এতে করে যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বেশ কিছু এলাকার নদীর। পাশাপাশি বাসা বাড়ির পয়ঃনিষ্কাশনের ময়লা পানিও পড়ছে নদীতে।যে স্থানগুলোতে ময়লা ফেলা হয় তার আশপাশে যারা বসবাস করেন তারা বলছেন, ময়লার দুর্গন্ধে বসবাস করাই দায় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি মাছির উপদ্রব থাকায় ছোট বাচ্চারা বেশিরভাগ সময় ভুগছে বিভিন্ন অসুখে।
এদিকে নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকার বাসিন্দা রোকেয়া আক্তার বলেন, এখানে ময়লা ফেলার কারণে অনেক রোগ জীবাণু ছড়ায়। আমার বাসায় মাছির উপদ্রবে থাকতে পারি না। সারাক্ষণ ময়লা ফেলার কারণে মাছি ভনভন করে। মশা-মাছির ওষুধ ছিটালেও কাজ হয় না। আমার একটা ছোট বাচ্চা আছে সে প্রায় সময়ই বিভিন্ন অসুখে আক্রান্ত থাকে। সর্দি-জ্বর, কাশি, শ্বাসকষ্ট এ ধরনের সমস্যা লেগেই আছে আমার পরিবারে। এখানে যে পরিমাণ ময়লা ফেলে তার দুর্গন্ধে বাসায় বসবাস কঠিন হয়ে দাঁড়িয়েছে। পৌরসভা থেকে মাঝে মাঝে এসে একটু পরিষ্কার করে, কিন্তু সেটা পর্যাপ্ত না। মানুষ দিনের পর দিন এখানে ময়লা ফেলেই যাচ্ছে। আর ময়লা দিয়ে নদী ভরাট হয়ে যাচ্ছে। অন্যদিকে সদরের কাটলী এলাকার বাসিন্দা মনিরা আক্তার বলেন, সবাই নদীতে ময়লা ফেলার কারণে আমরা এখন আর নদীতে গোসল করতে পারি না। অনেক সময় নদীর পানি দিয়ে আমাদের রান্নার কাজ করতে হয়। কিন্তু ময়লা ফেলার কারণে এখন আর নদীর পানি দিয়ে কোনো কাজ করতে পারি না। যে যেভাবে পারছে নদীতে ময়লা ফেলছে। বাসা বাড়ির ময়লা ফেলার পাশাপাশি বিভিন্ন ধরনের জীবজন্তু মারা গেলে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। এতে করে নদীর পানি নষ্ট হয়ে গেছে। এখন আর নদীর পানি ব্যবহার করা যায় না। এই নদী একসময় অনেক বড় ছিল, আমরা দেখেছি বড় বড় নৌকা এ নদী দিয়ে গিয়েছে। আর এখন তো ফাল্গুন চৈত্র মাসে এ নদীতে পানিই থাকে না। এ বিষয়ে সদরের সাকুয়া এলাকার বাসিন্দা নুরু উদ্দিন বলেন, নদীতে নাব্যতা সংকটের কারণে এখন মাছ নেই বললেই চলে। ছোট বেলায় এমন মাছ ছিল যে গামছা দিয়ে মাছ ধরতে পারতাম এ নদীতে। আর এখন নদীতে শীতের সময় ক্রিকেট মাঠ হয়ে যায়। কয়দিন পরেই বাচ্চারা এখানে ক্রিকেট খেলবে। সে হিসেবে এই নদী বিলুপ্তপ্রায় অবস্থায় আছে। নদীটি যেন আবার নতুন করে খনন করা হয় সরকারের পক্ষ থেকে। তাহলে আমরা জনগণ এই নদীর সুফল আবার ভোগ করতে পারবো।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয় ও পাউবোর হিসাবে, সিএস (ক্যাডাস্ট্রাল সার্ভে) খতিয়ান অনুযায়ী দুই পাড়ে অন্তত ৩৮১টি অবৈধ স্থাপনা। তবে বিআরএস (বাংলাদেশ রিভিশনাল সার্ভে) অনুযায়ী তা ৪৯টি। এসব দখল নিয়ে ১০৪টি উচ্ছেদ মোকদ্দমা ও ২০টি দেওয়ানি মামলা হয়েছে।দীর্ঘদিনের দাবির পর এবার মগড়া নদী পুনর্জীবিত করার উদ্যোগ নিয়েছে পাউবো। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে নদী খননে ব্যয় হবে ৪৫ কোটি ৩৭ লাখ টাকা। বাকি অর্থ শহরের অংশে নদীর দুই পাশে পাঁচ কিলোমিটার হাঁটার ব্যবস্থা ও সৌন্দর্যবর্ধনে ব্যয় করার পরিকল্পনা আছে। মগড়া নদী পুনঃখননের মাধ্যমে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানান পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এতে জলাবদ্ধতা ও বন্যার ক্ষতি কমানোর পাশাপাশি ফসল রক্ষায়ও ভূমিকা রাখবে নদীটি। চলতি বছরের শুষ্ক মৌসুমে খননকাজ শুরু হবে। সাতটি প্যাকেজে সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বাস্তবায়ন করবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি জেলা প্রশাসন দেখছে। মগড়া নদী দখল ও দূষণমুক্ত হলে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, পাশাপাশি শহরের মাঝখান দিয়ে এবং শহরকে পেচিয়ে বয়ে যাওয়া এই নদীটির মাধ্যমে চমৎকার পর্যটনখাতের সৃষ্টি হবে। এতে উল্লেখযোগ্য পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে নেত্রকোণার জনগণের দীর্ঘদিনের আকাঙ্খা মগড়া নদীখনন ও দখলমুক্ত করণ এখন সময়ের দাবি।
২০/১১/২০২৬ ইং