সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোণার পূর্বধলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মহামান্য হাইকোর্টের নির্দেশে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন—পূর্বধলা উপজেলার ৫ নং ধলামুলগাঁও ইউনিয়নের (সতন্ত্র) চেয়ারম্যান মো. রেজুয়ানুর রহমান, ৯ নং খলিশাউড় ইউনিয়নের (নৌকা প্রতীকের) চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার এবং ১০ নং নারান্দিয়া ইউনিয়নের (নৌকা প্রতীকের) চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ বেপারী।
আরও জানা গেছে, আদেশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পূর্বধলা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়) অন্তর্ভুক্ত রয়েছেন। স্থানীয়দের মতে, এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে চলমান প্রশাসনিক স্থবিরতা কেটে যাবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সেবা কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে চলবে।
এ বিষয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাসনীম জাহান বলেন, “মহামান্য হাইকোর্টের নির্দেশনা ও স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী পুনর্বহালের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক হবে এবং জনসেবা আরও গতিশীল হবে বলে আশা করছি। এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার জানান, তিন ইউপি চেয়ারম্যান হাইকোর্টে রিট করেছিলেন। রায় পাওয়ার পর তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশনা ও হাইকোর্টের আদেশ অনুযায়ী তাদের স্বপদে পুনর্বহালের ব্যবস্থা নেওয়া হয় এবং প্রশাসক নিয়োগ সংক্রান্ত আগের আদেশ বাতিল করা হয়েছে।