মোঃ রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ড্রাম ট্রাকের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় জীবন (২২) নামের এক যুবককে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার (১৮ই এপ্রিল) দুপুরে উপজেলার বলরামপুর মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, দুপুরে বলরামপুর মোড়ে নিয়মিত তদারকির অংশ হিসেবে ড্রাম ট্রাকটি থামানো হয়। এসময় চালক জীবনের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। বৈধ কোনো কাগজপত্র ছাড়া যানবাহন চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, জনস্বার্থে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল চালককে বৈধ লাইসেন্স ও কাগজপত্র সাথে নিয়ে গাড়ি চালানোর আহ্বান জানান।
এসময় পুলিশ সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।