মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ)
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) মোঃ নোমান হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাল্যবিবাহ ও যৌতুক নির্মূল, এবং আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়াও দুর্নীতি প্রতিরোধ, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ ডেঙ্গু ও হাম প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
অন্যান্যদের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুণ্ডুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।