কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার নারী ও এক পুরুষসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার দুধসরা এলাকায় সানাউল্লাহ নামে এক ব্যক্তির বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর মডেল থানা পুলিশের পৌর পুলিশ ফাঁড়ির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রাজিয়া খাতুন (৩৭), জান্নাতুল ফেরদৌসী লামিয়া (২০), তাজনাহার (৪৫), মাহফুজা খাতুন (২৭) ও নাছিম রানা (২৬) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের রাজিয়া খাতুন, মাইলবাড়ীয়া গ্রামের মাহফুজা খাতুন ও ঝিকটিপোতা গ্রামের নাছিম রানা রয়েছেন। অন্যদিকে, জান্নাতুল ফেরদৌসী লামিয়া ও তাজনাহারের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার আকুন্দবাড়ীয়া গ্রামে।
পুলিশ জানায়, এ ঘটনায় ১৪ অক্টোবর ২০২৬ তারিখে কোটচাঁদপুর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ৪৫/২০২৬ দায়ের করা হয়েছে। পেনাল কোডের ২৯০ ধারায় করা এ মামলায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত টিভি, সত্যের পথে অবিরাম পথচলা।