মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদায় মরহুম নজরুল মাস্টার স্মৃতি স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে তাহেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের পরিচালক আল আমিনের পরিচালনায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন মরহুম নজরুল মাস্টার-এর ভাইপো প্রিন্স আহমেদ ও মোঃ শান্ত আহমেদ।
উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিউর রহমান সোনা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাদল রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ সংস্থার সভাপতি, সালাউদ্দিন আহমেদ ও
বিশিষ্ট ব্যবসায়ী সাগর হোসেন এবং হরিণাকুণ্ডু বার্তা-র চেয়ারম্যান মোঃ রবিউল ইসলামসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
চারটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কাজল একাদশ ও রিঙ্কু একাদশ। নির্ধারিত সময়ে খেলা ড্র থাকায় পরবর্তীতে ট্রাইবেকারে গড়ায়। উত্তেজনাপূর্ণ ট্রাইবেকারে রিঙ্কু একাদশকে ৩-১গোলে পরাজিত করে কাজল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের স্মারক সম্মাননা দিয়ে বরণ করা হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এলাকার তরুণ, শিশু ও বয়োজ্যেষ্ঠসহ বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন এই আকর্ষণীয় ফুটবল ম্যাচটি।
অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান মোঃ মনজুর রাশেদ বলেন, “আমরা একজন সম্মানিত ব্যক্তির স্মরণে এমন সুন্দর একটি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমাদের গ্রামের কৃতি ও গুণীজনদের স্মরণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটি আয়োজন সফল করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারক বাদ জানাই।”