কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম
ঝালকাঠির কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু নাছের রায়হানের আকস্মিক বদলির আদেশে স্থানীয় সাধারণ জনগণের মাঝে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। মাদক নির্মূল, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাহসী ভূমিকা রাখা এই পুলিশ কর্মকর্তার বদলি আদেশ কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। অবিলম্বে এই বদলি আদেশ প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠালিয়া থানায় যোগদানের পর থেকেই ওসি মোহাম্মদ আবু নাছের রায়হান জনবান্ধব পুলিশিংয়ের অনন্য নজির স্থাপন করেন। বিশেষ করে উপজেলার প্রধান সমস্যা ‘মাদক’ নির্মূলে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আপসহীন অভিযান পরিচালনা করেন। তাঁর কঠোর পদক্ষেপ ও সফল অভিযানের ফলে এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা কোণঠাসা হয়ে পড়ে।
মাদক ছাড়াও চোর-ডাকাত সিন্ডিকেট দমন এবং থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের আইনি সহায়তা নিশ্চিত করার মাধ্যমে তিনি অল্প দিনেই জনগণের আস্থা অর্জন করেন। তাঁর সততা ও কর্মতৎপরতার কারণে এলাকাবাসী পুলিশের ইতিবাচক সেবার সুফল পেতে শুরু করেছিল।
এমন একজন নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তার বদলির খবর ছড়িয়ে পড়ার পর পুরো উপজেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।
স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের জনগণের মতে, কাঁঠালিয়াকে সম্পূর্ণ অপরাধ ও মাদকমুক্ত রাখতে ওসি আবু নাছের রায়হানের মতো কর্মকর্তার এখানে থাকা অত্যন্ত জরুরি। জনস্বার্থ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই বদলি আদেশ প্রত্যাহার করে তাঁকে কাঁঠালিয়া থানাতেই বহাল রাখার জোর দাবি জানিয়েছেন তারা।