মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশাল প্রতিবাদ মিছিল ও শোডাউন করেছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের নেতৃত্বে আয়োজিত প্রতিবাদ মিছিলটি শহরের বলুহর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়। মিছিলটি হাসপাতাল মোড়, মেইন বাজার, চৌগাছা স্ট্যান্ড, আমবাজার, কলেজ স্ট্যান্ড, উপজেলা গেট, রেলওয়ে স্টেশন ও ফুড গোডাউনসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে। জনগণের অধিকার, শান্তি ও নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীরা সবসময় সজাগ থাকবেন।
তারা আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নামে কেউ নাশকতা, অগ্নিসংযোগ কিংবা সহিংস কর্মকাণ্ডের চেষ্টা করলে তা প্রতিরোধে ছাত্রসমাজ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
প্রতিবাদ মিছিলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলু পারভেজ জনি, কে এম এইচ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাওন খান, সাবদারপুর ডি ইউ আলিম মাদ্রাসা ছাত্রদলের সভাপতি হাফেজ সালাহউদ্দিন, কে এম এইচ কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মিথুন, থানা ছাত্রদলের সাহরিয়ার রাফিন ও ইবনুল মনিরসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো মুখর হয়ে ওঠে। কর্মসূচির মধ্য দিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সহিংসতার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।