যিশাই মুরমু হীরা -মাল্টিমিডিয়া করসপন্ডেন্ট রংপুর।
দিনাজপুরের হাকিমপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদান এবং হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সমাজের পিছিয়ে পড়া এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। হাকিমপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়, যেখানে স্থানীয় সুধীজন এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।