ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলমান বিরোধকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) রেজিঃ নং-বি-১৯০১ কিশোরগঞ্জ শাখা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন। তবে সম্প্রতি মাহমুদুল হাসান উপসহকারী প্রকৌশলী কর্মকর্তার সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক বিষয়ে বিতর্কিত মন্তব্য করে আসছেন। বিষয়টি নিয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করেন তারা।
নেতৃবৃন্দ আরও জানান, গতকাল দুপুরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি নিয়ে মাহমুদুল হাসানের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি উল্টো তাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ করেন। তবে এসব অভিযোগ নাকচ করে সংগঠনের নেতারা বলেন, কোনো কেন্দ্রীয় নেতার আগমন বা অন্য কোনো কর্মসূচির কথা বলে তার কাছে কোনো অর্থ দাবি করা হয়নি।
তারা দাবি করেন, গত ৫ আগস্টের পর থেকে সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতার কিশোরগঞ্জ সফরের কোনো কর্মসূচি ছিল না।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা আরও বলেন, মাহমুদুল হাসানসহ কয়েকজন কর্মকর্তা দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। সরকারি নীতিমালা অনুযায়ী কর্মস্থলে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
এ সময় তারা বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি প্রকৃত ঘটনা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।