কাঠালিয়া সংবাদদাতা:
ঝালকাঠির কাঠালিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত ব্যবসায়ী স্বামী পলাশ (৫৫) হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাঠালিয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আউরা মল্লিক পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঢাকা জুরাইন মুরাদপুর জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা ব্যবসায়ী পলাশ এবং তার স্ত্রী ইশরাত জাহান লিজা আক্তারের দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান রয়েছে; যার মধ্যে বড় মেয়ের বয়স চার বছর এবং ছোট মেয়ের বয়স মাত্র দেড় মাস।
ঘটনার দিন নিজ বাসাবাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ও পারিবারিক মনমালিন্য হয়। এর এক পর্যায়ে লিজা আক্তার ক্ষিপ্ত হয়ে স্বামী পলাশের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আহত পলাশকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী ইশরাত জাহান লিজা আক্তারকে আটক করে হেফাজতে নিয়েছে। আটক লিজা আক্তার দক্ষিণ আউরা গ্রামের জাহিদুল ইসলাম মঞ্জু মল্লিকের মেয়ে এবং কাঠালিয়া উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদ হোসেন মল্লিকের ভাইজি।
কাঠালিয়া থানা পুলিশ জানায়, অভিযুক্ত লিজা আক্তার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।